শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

- আপডেট সময় ১২:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে
শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত গ্রেপ্তার শ্রমিক নেতা হারুন সরকার, ইমদাদুল ইসলাম এমদাদসহ ছয় শ্রমিক নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, মো. ইয়াসিন মিয়া, শামীম ইমাম, সত্যজিৎ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন জোটের সদস্য সচিব রাজু আহমেদ।
সমাবেশে বক্তারা বলেন, গ্রেপ্তার ছয় শ্রমিক নেতা সংশ্লিষ্ট শ্রমিক আন্দোলনে কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে দায়িত্বশীল শ্রমিক সংগঠনের প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন।
বক্তারা অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ফলে শ্রমিক সংগঠনগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সাধারণ শ্রমিকদের মধ্যে আতঙ্ক, ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তারা আরও বলেন, সরকার শ্রমিক নেতাদের উপস্থিতিতে নির্দোষ কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল। তাই শুধু সাংগঠনিক পদবির কারণে শ্রমিক নেতাদের সরকারের নীতিমালার আওতায় হয়রানি করা উচিত নয়।
সমাবেশ থেকে প্রকৃত অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিরপরাধ শ্রমিক ও শ্রমিক নেতাদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে গ্রেপ্তার ছয় শ্রমিক নেতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।
বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত নয়। শ্রমিক নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার নিশ্চিত করা এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।




















