কক্সবাজার শহর জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত
ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেম সমাজকে এগিয়ে আসতে হবে

- আপডেট সময় ১১:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ২৪০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
ইনসাফ ভিত্তিক সমাজ ব্যাবস্থা ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেম সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা মজলিশে শূরার সদস্য ও কক্সবাজার সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর।
তিনি বলেন, সাধারণ মানুষের মাঝে আল্লাহর দ্বীনের সঠিক ব্যাখ্যা বুঝিয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আলেম-ওলামাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
তিনি ৩০ আগস্ট শনিবার জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার উদ্যোগে আয়োজিত ওলামা জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শহিদুল আলম বাহাদুর আরো বলেন, রাসুলকে (সা.) হেদায়াত ও সত্য দ্বীন সহকারে আল্লাহ রাব্বুল আলামীন প্রেরণ করেছিলেন, অন্য সব বাতিল দ্বীনের ওপর ইসলামকে বিজয়ী করার জন্য। তাই আমাদের প্রত্যেকের ওপর দ্বীন কায়েমের প্রচেষ্টা করা ফরজ বা অত্যাবশ্যক। এতে কোনো মতবিরোধ করার সুযোগ নেই।
সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী আল আমিন মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা উলামা বিভাগ সভাপতি মাওঃ শফিউল হক জিহাদী।
শহর জামায়াতের সেক্রেটারী রিয়াজ মুহাম্মদ শাকিলের সভাপতিত্বে ও শহর জামায়াত ওলামা সেক্রেটারী আবু সায়েম মোঃ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন মাওঃ আজিজুল হক। বক্তব্য রাখেন শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী মুহাম্মদ শহিদুল্লাহ, মাওঃ আব্দুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।














