কক্সবাজার-৩ আসনে তারুণ্যের মোটরসাইকেল শোভাযাত্রা: কৃতজ্ঞতা জানালেন শহিদুল আলম বাহাদুর

- আপডেট সময় ০৭:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ২৩৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলাজুড়ে অনুষ্ঠিত তারুণ্যের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেওয়া হাজারো তরুণ-যুবক, নেতা–কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কক্সবাজার-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা শোভাযাত্রাটি কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। দীর্ঘ এই সময়জুড়ে কড়া রোদ, ধুলো ও নানা কষ্ট উপেক্ষা করে তরুণ-যুবক ও নেতা-কর্মীরা যেভাবে অংশগ্রহণ করেছেন, তা নিজের জন্য “অভিভূত করার মতো অবদান” বলে উল্লেখ করেন প্রার্থী শহিদুল আলম বাহাদুর।
তিনি এক বিবৃতিতে বলেন, “আপনাদের ভালোবাসা, আত্মত্যাগ ও উদ্দীপনার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। মহান আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে আপনাদের সম্মান, কল্যাণ ও সফলতা দিন।”
শোভাযাত্রার কারণে সড়কে যাত্রী ও যানবাহন চলাচলে যে সাময়িক অসুবিধা সৃষ্টি হয়েছে, সে জন্য কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার ড্রাইভার ও যাত্রীদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি। ধৈর্য ও সহমর্মিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান।
এ ছাড়া পুরো র্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও সহযোগিতা প্রদানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান শহিদুল আলম বাহাদুর। তিনি বলেন, “তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা শোভাযাত্রাকে সফল করেছে।”
বাহাদুর আরও বলেন, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলাবাসীর ভালোবাসা ও বিশ্বাসই তার রাজনৈতিক শক্তি। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় কক্সবাজার-৩ আসনের উন্নয়ন, ন্যায়, শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।




















