কক্সবাজারে মামলায় এগিয়ে জামায়াত: জেলায় সর্বোচ্চ ৭০ মামলার মুখে হামিদুর রহমান আযাদ

- আপডেট সময় ১০:০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ৩৩০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি মামলার মুখোমুখি হয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের এমপি প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলার সংখ্যা ৭০টি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা প্রার্থীদের নির্বাচনী হলফনামা বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। মামলার সংখ্যার দিক থেকে কক্সবাজার জেলায় জামায়াতের প্রার্থীরাই তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন বলে হলফনামার তথ্য ইঙ্গিত দেয়।
কক্সবাজার-২ আসনে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে মাত্র ৬টি।
জেলায় মামলার সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা ৩৮টি।
মামলায় তৃতীয় অবস্থানে আছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। তাঁর বিরুদ্ধে রয়েছে ১৮টি মামলা, যা কেন্দ্রীয় নেতাদের বাদ দিলে জেলার মধ্যে সর্বোচ্চ।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, মামলায় চতুর্থ অবস্থানে রয়েছেন কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে ১০টি। একই আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল মামলার দিক থেকে তুলনামূলক স্বস্তিতে রয়েছেন—তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে ৫টি।
অন্যদিকে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে রয়েছে ৬টি মামলা। একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর বিরুদ্ধে মামলা রয়েছে ৪টি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হলফনামায় উল্লিখিত মামলাগুলোর বড় একটি অংশই রাজনৈতিক আন্দোলন, সভা-সমাবেশ ও সরকারবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা। বিশেষ করে জামায়াতে ইসলামী নেতাদের বিরুদ্ধে মামলার সংখ্যা বেশি হওয়া বিগত সরকারের সময়কার রাজনৈতিক বাস্তবতা ও দমন-পীড়নের চিত্রই তুলে ধরে।
সবমিলিয়ে নির্বাচনী হলফনামায় প্রদত্ত তথ্যে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, কক্সবাজার জেলায় জামায়াত ও বিএনপির প্রার্থীদের মধ্যে মামলার ভারে সবচেয়ে বেশি চাপ বহন করছেন জামায়াত নেতারাই, যার শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।




















