প্রাক-নির্বাচনী জনমত জরীপ: বিএনপি: ৩৪.৭ শতাংশ, জামায়াতে ইসলামী ৩৩.৬ শতাংশ

- আপডেট সময় ০৮:০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ৫৭০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পর্যায়ে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক চিত্রের ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক এক জনমত জরিপ। জরিপ অনুযায়ী, বর্তমান জনসমর্থনের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে ভোট দিতে চান ৩৪.৭ শতাংশ ভোটার, আর জামায়াতে ইসলামীকে ভোট দিতে আগ্রহী ৩৩.৬ শতাংশ ভোটার।
প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি), জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারাটিভের যৌথ উদ্যোগে পরিচালিত ‘প্রি-ইলেকশন পালস: অ্যান ইন-ডেপথ অ্যানালাইসিস অব দ্য বাংলাদেশি ইলেক্টোরেট’ শীর্ষক এই জরিপে উঠে এসেছে, বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে পরিসংখ্যানগতভাবে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
জরিপ অনুযায়ী জাতীয় পর্যায়ে ভোটের সম্ভাব্য বণ্টন নিম্নরূপ—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩৪.৭ শতাংশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৩.৬ শতাংশ, আনডিসাইডেড (সিদ্ধান্তহীন) ভোটার ১৭.০ শতাংশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৭.১ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.১ শতাংশ এবং অন্যান্য দল ৪.৫ শতাংশ।
জরিপ বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়, সিদ্ধান্তহীন ভোটারদের একটি বড় অংশ শেষ মুহূর্তে জামায়াতে ইসলামীকে সমর্থন দিলে দলটির মোট ভোটপ্রাপ্তির হার ৪০.৮ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। আইআইএলডির নির্বাচনী জরিপে এ সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আনুষ্ঠানিকভাবে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপের ফলাফল উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোম্যাসির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন।
জরিপের পরিধি ও পদ্ধতি সম্পর্কে জানানো হয়, এই জরিপটি ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সময়ে পরিচালিত হয়। এতে বাংলাদেশের ৬৪টি জেলার ২৯৫টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মোট ২২ হাজার ১৭৪ জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেন।
ভৌগোলিক বিস্তৃতি, শহর–গ্রাম এবং জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে জরিপে স্ট্রাটিফায়েড স্যাম্পলিং ডিজাইন অনুসরণ করা হয়। পাশাপাশি, ২০২২ সালের জাতীয় আদমশুমারির ভিত্তিতে পোস্ট-স্ট্রাটিফিকেশন ওয়েটিং প্রয়োগ করা হয়েছে বলে জরিপ কর্তৃপক্ষ জানিয়েছে।




















