টেকনাফের খারাংখালিতে বিজিবি’র অভিযানে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

- আপডেট সময় ০২:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২৬৮ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এ অভিযানে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খারাংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৪ থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে এবং বিওপি থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার ইলিয়াসের বাড়ি সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
আজ শনিবার (১৭ জানুয়ারি) ভোর আনুমানিক ৩টার দিকে টহল দল চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলের দিকে তিন রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও এক রাউন্ড গুলি ছোড়ে। পরে বিজিবির সশস্ত্র বাধার মুখে চোরাকারবারীরা সাঁতরে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
ঘটনার পরপরই ওই এলাকায় তল্লাশি চালিয়ে নীল রঙের দুটি প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচ টেপ দিয়ে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী ২০টি কার্টনে রাখা মোট ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের গ্রেপ্তারে ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও রাতের অন্ধকারে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।




















