রোহিঙ্গা ক্যাম্পে অগুন: শতাধিক শেল্টার পুড়ে ছাই, সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণ

- আপডেট সময় ০৯:৩৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ২১৩ বার পড়া হয়েছে
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে।
১ ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা (হেড মাঝি) মোহাম্মদ রিয়াজ জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ক্যাম্পের স্বেচ্ছাসেবকদের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করা হয়। পরে ফায়ার সার্ভিস, এপিবিএন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুনটি ক্যাম্পের পাহাড়ের পশ্চিম দিক থেকে শুরু হয়ে পূর্ব পাশ হয়ে দক্ষিণের কাঁটাতারের কাছাকাছি এলাকায় গিয়ে ছড়িয়ে পড়ে। আগুনের কারণে অনেক রোহিঙ্গা পরিবার রাতেই খোলা জায়গা ও আশপাশের স্থানীয় বাসিন্দাদের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়।
ক্যাম্পের সাব-মাঝি আমির হাকিম জানান, ক্যাম্পের ডি-৪ ব্লকে অবস্থিত ব্র্যাক পরিচালিত একটি লার্নিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের শেডগুলোতে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। সাড়ে তিন ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে ক্যাম্পের স্বেচ্ছাসেবক, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও এপিবিএন সদস্যরা সমন্বিতভাবে কাজ করেন।
এদিকে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নামের একটি সংগঠন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২, ডি-৩ ও ডি-৪ ব্লকে অগ্নিকাণ্ডে শতাধিক শেল্টার সম্পূর্ণ পুড়ে গেছে। এতে বহু রোহিঙ্গা পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং জরুরি মানবিক সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে।
উল্লেখ্য, এর আগেও উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৫ ডিসেম্বর কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে, ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পে এবং ২৮ ডিসেম্বর টেকনাফের হ্নীলা লেদা ২৪ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক শেল্টার ক্ষতিগ্রস্ত হয়।




















