চলাচলের অযোগ্য দাশখালী সড়ক, জনদুর্ভোগ চরমে

- আপডেট সময় ১১:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২৫৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাশখালী পাড়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে খানাখন্দ আর কাদায় ভরা রাস্তাটি বর্তমানে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে স্থানীয় শতাধিক পরিবারের মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে পানি জমে ডোবার মতো পরিস্থিতি তৈরি হয়। পুরো রাস্তা জুড়েই এখন কাদার রাজত্ব। এই কর্দমাক্ত রাস্তার কারণে সাধারণ পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজনে কোনো রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা বৃদ্ধদের চলাচলের ক্ষেত্রে এই সড়কটি এখন এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে।
আবদুর রহিম নামে এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল এবং সংস্কারের জন্য অত্যন্ত জরুরি হলেও এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উদাসীনতায় দিন দিন সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে।
ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত এই সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, দাশখালী পাড়া সড়কটি দ্রুত সংস্কার করা হলে এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের এই কষ্টের অবসান হবে।














