কক্সবাজারে পর্যটন কার্নিভাল ঘিরে ঝাউগাছ নিধনের অভিযোগ

- আপডেট সময় ০৮:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে
কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের গলফ মাঠে আয়োজিত পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে ঝাউবিথির ঝাউগাছ নিধনের অভিযোগ উঠেছে। মাঠের নির্দিষ্ট এলাকায় ঝাউগাছের গোড়াসহ উপড়ে ফেলে পরিষ্কার করার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন নেটিজেনরা।

সোমবার (১৬ নভেম্বর) আগের দিনের মাঠের ঝাউগাছের অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার তুলনামূলক চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নির্দিষ্ট এলাকায় ঝাউগাছের গুঁড়ি ও শিকড়সহ উপড়ে ফেলার দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

এ ঘটনায় নেটিজেনদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, পর্যটন কার্নিভাল দ্রুত সম্পন্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল রাতারাতি ঝাউগাছ ও গাছের গোড়ালি সরিয়ে ফেলেছে। উপকূল রক্ষার অন্যতম প্রাকৃতিক হাতিয়ার ঝাউগাছ নিধনের ঘটনায় পরিবেশ সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অনেকে বলছেন, ঝাউগাছ শুধু সৌন্দর্যবর্ধনের উপাদান নয়; এটি সমুদ্রের উপকূল রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিজেদের স্বার্থে উপকূলের সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করছেন তারা।

অভিযোগ রয়েছে, বন বিভাগের নিয়ন্ত্রণাধীন উপকূলীয় ঝাউগাছ নিধন পরিবেশ ও উপকূল সুরক্ষার জন্য মারাত্মক হুমকি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাছ কাটার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

এদিকে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল পর্যটন কার্নিভাল আয়োজনের উদ্দেশ্যে ঝাউবাগান নিধনের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে ঝাউগাছ নিধনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন তিনি।

পর্যটন আয়োজনের নামে উপকূলীয় পরিবেশের ক্ষতি হয়েছে কি না, তা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সচেতন মহলে।


















