ষষ্ঠ থেকে দ্বাদশ সব ছাত্রীকে উপবৃত্তি দেবে সরকার

- আপডেট সময় ১০:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এসব প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু হতে যাচ্ছে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এ ব্যবস্থায় সরকারি উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী কিংবা তার অভিভাবকের হিসাবে পাঠানো হবে।
গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেন।
সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে। এ পদ্ধতিতে অর্থ পেতে শিক্ষার্থী বা তার অভিভাবকের নামে যে কোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে। তবে যেসব ছাত্র এর মধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অর্থ পাচ্ছে অথবা যাদের নাম কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার প্রয়োজন নেই। যারা এখনো উপবৃত্তি পাচ্ছে না, তাদের ক্ষেত্রে শিক্ষার্থী অথবা অভিভাবকের নামে প্রয়োজনীয় হিসাব খুলতে হবে।
নির্দেশনায় উপবৃত্তির অর্থ গ্রহণের জন্য অভিভাবক নির্ধারণের বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। শিক্ষার্থীর অভিভাবক হিসেবে প্রথমে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে অন্যান্য অভিভাবক হিসেবে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানির মধ্য থেকে যে কোনো একজনকে অভিভাবক হিসেবে নির্ধারণ করা হবে।
বাবা অথবা মা নামে যে কোনো তফসিফি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে অনলাইন একাউন্ট থাকলে অথবা নতুনভাবে খুলে সংশ্লিষ্ট ছাত্রী তার বাবা অথবা মা অর্থাৎ যার নামে একাউন্ট তাকে অভিভাবক হিসেবে উল্লেখ করে আবেদনের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে।
বাবা-মা কেউ জীবিত না থাকলে অন্যান্য অভিভাবক হিসেবে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা বা নানির যে কোনো একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করে কোনো তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং একাউন্ট খুলে আবেদনের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংকে একাউন্ট খুলতে হবে।
বাবা অথবা মা জীবিত থাকলেই শুধু শিক্ষার্থী মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যবহার করে সমন্বিত উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে বাবা অথবা মার মধ্যে যে কোনো একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে। বাবা ও মার মধ্যে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মোবাইল সিম রেজিস্ট্রেশনসহ মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে হবে।
কোনো শিক্ষার্থীর বাবা-মা ও অন্যান্য অভিভাবক হিসেবে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি কেউ না থাকলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তৃতীয় একজনকে উক্ত শিক্ষার্থীর অভিভাবক হিসেবে নাম উল্লেখ করে প্রত্যয়নপত্র প্রদান করবেন এবং উক্ত প্রত্যয়নপত্র তথ্য এন্ট্রির সময় এইচএসপি-এমআইএসে আপলোড করে দিতে হবে। এমন শিক্ষার্থীর ক্ষেত্রে শুধু শিক্ষার্থীর নামে যে কোনো তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং একাউন্ট খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে।
স্কুল ব্যাংকিং একাউন্ট শিক্ষার্থীর নামে খুলতে হবে। তবে শিক্ষার্থীর বয়স আঠারো বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং স্থগিত হয়ে যায় এবং সেক্ষেত্রে শিক্ষার্থীর নিজ নামে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে উক্ত স্কুল ব্যাংকিং একাউন্ট হালনাগাদ করে নিতে হবে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির বিষয়েও নির্দেশনায় বিস্তারিত জানানো হয়েছে। সাধারণ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যার ব্যানবেইজ কর্তৃক প্রদত্ত ইআইআইএন নম্বর রয়েছে এমন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে স্কিম পরিচালক বরাবর আবেদন করে এ স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে আবেদন ফরমসহ অন্যান্য তথ্যাদি www.pmeat.gov.bd এ প্রদান করা হবে।



















