টেকনাফ পৌরসভায় নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশে নূর আহমদ আনোয়ারী-
সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে টেকনাফে উন্নয়নের দরজা খুলবে

- আপডেট সময় ০৯:৫৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ২৬১ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ পৌরসভায় নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশে নূর আহমদ আনোয়ারী –
টেকনাফ উপজেলা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয় নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া–টেকনাফ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী বলেন, “সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে টেকনাফে উন্নয়নের দরজা খুলবে। তা না হলে চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও ইয়াবা গডফাদারের হাতে টেকনাফ তাদের স্বর্গ রাজ্যে পরিণত হবে।”
তিনি বলেন, ভোটকেন্দ্র পরিচালনায় সুশৃঙ্খল ভূমিকা রাখাই সংগঠনের সফলতা নিশ্চিত করবে। আসন্ন জাতীয় নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি সত্য ও ন্যায়ের সংগ্রাম। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। এজন্য মাঠ পর্যায়ে প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল ও সততা নিয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা সংঘাত নয়, শান্তি ও পরিবর্তনের রাজনীতি বিশ্বাস করি। ইসলামী মূল্যবোধে পরিচালিত একটি ন্যায়ের সমাজ গঠনে জনগণের সমর্থন অর্জনই আমাদের মূল উদ্দেশ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল এবং পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল আলম।
সভায় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ পৌর সভাপতি মুহাম্মদ আইউব, পৌর বায়তুলমাল সম্পাদক মনির উল্লাহ, পৌর সেক্রেটারি মোস্তাক আহমদ, ১ নম্বর ওয়ার্ড সভাপতি জাহেদ আলম, নুর হোসেন, সেক্রেটারি সাইফুল ইসলাম, ইমাম হোসাইন ও হাফেজ আহমদ। উপস্থিত ছিলেন ইউনিট সভাপতি দিলদার হোসেন, মোহাম্মদ নুর, মুহাম্মদ উল্লাহ, আইউব, আজিজ খান, সাদ্দাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।















