রামুর টমটম চালক সোহেল হত্যা মামলার ১নং আসামি জসিম সাতকানিয়া থেকে গ্রেফতার

- আপডেট সময় ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ২৭৮ বার পড়া হয়েছে
রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু থানাধীন উল্টাখালী এলাকায় আলোচিত টমটম চালক সোহেল হত্যার মূল পরিকল্পনাকারী ও এজাহারভুক্ত ১নং আসামি মো. জসিম উদ্দিন (২৫)–কে চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকার পুরানঘর ইউনিয়নের ফকিরখিল কুমারপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, গত ০২ আগস্ট ২০২৫ তারিখে প্রতিদিনের মতো ভিকটিম সোহেল টমটম নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাসায় ফিরে না আসায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরদিন ৩ আগস্ট রশিদনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আব্দুর রহমানের বাড়ির পাশের নালায় সোহেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
তদন্তে উঠে আসে—এজাহারভুক্ত ১, ২ ও ৩নং আসামি সোহেলের টমটম ভাড়া করে ঘটনাস্থলের আশপাশে ঘোরাঘুরি করে এবং পূর্বপরিকল্পিতভাবে টমটম ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করে। এই ঘটনায় সোহেলের পরিবার রামু থানায় মামলা নং-১৫, তারিখ ০৪/০৮/২৫, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করে।
মামলার পর র্যাব-১৫ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার মূল পরিকল্পনাকারী জসিম উদ্দিন সাতকানিয়ার ফকিরখিল কুমারপাড়ায় অবস্থান করছে।
পরবর্তীতে ১৩ নভেম্বর ২০২৫ তারিখ বিকেলে র্যাব-১৫, কক্সবাজার সদর ব্যাটালিয়ন ও সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে জসিম উদ্দিনকে আটক করে।
উল্লেখ্য, র্যাব ইতোমধ্যে এই মামলার এজাহারভুক্ত ২নং আসামি মনসুর আলম ও তদন্তে চিহ্নিত সহযোগী আসামি ইব্রাহিমকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয়—নাম: মো. জসিম উদ্দিন (২৫), পিতা: মৃত আব্বাস উদ্দিন; ঠিকানা: ধলির ছড়া, মুড়া পাড়া, ৮নং ওয়ার্ড, রশিদনগর ইউনিয়ন, থানা রামু, জেলা কক্সবাজার।
গ্রেফতারকৃত জসিম উদ্দিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।























