উখিয়ায় র্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৮৯,৯০৫ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ২

- আপডেট সময় ০৭:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ৩৪০ বার পড়া হয়েছে
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ) দুপুরে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি অভিযানি দল উত্তর সোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮৯,৯০৫ (ঊননব্বই হাজার নয় শত পাঁচ) পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে।
র্যাব-১৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ, অস্ত্র ও মাদক চোরাচালান দমনে তারা নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় কক্সবাজারে মাদক কারবারিদের চোরাচালানের সুযোগ বেশি থাকায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে।
র্যাবের তথ্যে আরও জানানো হয়, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারে যে জালিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর সোনার পাড়ায় কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবার চালান নিজের হেফাজতে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর অধিনায়কের নির্দেশনায় অভিযানি দল সেখানে তল্লাশি চালিয়ে সাদা বস্তার ভেতর লুকানো ইয়াবাসহ দুই কারবারিকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন— সামছুল আলম (৩০), পিতা—মৃত আব্দুল রহমান, মাতা—গোল বাহার; আব্দুল শুক্কুর (২৪), পিতা—মৃত মো. নজরুল, মাতা—মৃত নুর জাহান। উভয়ের ঠিকানা: উত্তর সোনার পাড়া, ৩নং ওয়ার্ড, ঝাউবাগান, জালিয়াপালং ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার।
র্যাব-১৫ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। র্যাবের নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।




















