হোয়াইক্যং খারাংখালী রাখাইন পাড়াকে মডেল পাড়া করার ঘোষণা অধ্যক্ষ আনোয়ারীর

- আপডেট সময় ০৭:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১৬৩ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী রাখাইন পাড়ায় স্থানীয় রাখাইন জনগোষ্ঠীর সঙ্গে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত এ সভায় এলাকাবাসীর সার্বিক উন্নয়ন, শিক্ষা–স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জীবনমান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আনোয়ারী বলেন, “হোয়াইক্যং খারাংখালী রাখাইন পাড়াকে একটি উন্নত, শান্তিপূর্ণ, নিরাপদ এবং সকল নাগরিক সুবিধায় সমৃদ্ধ ‘মডেল পাড়া’ হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। রাখাইন জনগোষ্ঠী এই অঞ্চলের ঐতিহ্যের অংশ। তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, চলাচল, সংস্কৃতি ও সামাজিক নিরাপত্তার উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।”
অধ্যক্ষ আনোয়ারী আরও বলেন, “স্থানীয় নেতৃত্ব, সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং রাখাইন সম্প্রদায়ের প্রবীণরা যে সমস্যাগুলোর কথা সভায় তুলে ধরেছেন— যেমন যোগাযোগব্যবস্থার সমস্যা, চিকিৎসাসেবার অভাব, শিক্ষার সীমাবদ্ধতা, কর্মসংস্থানের সুযোগ, সংস্কৃতি রক্ষার উদ্যোগ এবং নিরাপত্তার বিষয়— এগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হোছাইন, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রাখাইন জনগোষ্ঠীর সাধারণ মানুষ তাদের প্রত্যাশা ও সমস্যাবলি তুলে ধরেন। প্রধান অতিথি সকল বক্তব্য ও প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে বলেন, “রাখাইন জনগোষ্ঠীর স্বার্থ ও কল্যাণই এই এলাকার সমন্বিত উন্নয়নের অন্যতম শর্ত। আপনাদের জীবনমান উন্নয়নই হবে আমাদের অগ্রাধিকার।”
সভা শেষে স্থানীয়রা উন্নয়ন পরিকল্পনার আশাবাদ ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার প্রতিশ্রুতি জানান।




















