জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ৫ ঘন্টা কাজ করে ৮ ঘন্টার বেতন পাবে: ড. হামিদুর রহমান আযাদ

- আপডেট সময় ০৩:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ৩২৮ বার পড়া হয়েছে
কুতুবদিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনের সাবেক সংসদ সদস্য ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, “জামায়াতে ইসলামী জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীদের জন্য কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা চালু করা হবে। নারীরা প্রতিদিন ৫ ঘণ্টা কাজ করলেও পাবেন ৮ ঘণ্টার পূর্ণ বেতন—যার মধ্যে ৫ ঘণ্টার বেতন দেবে মালিকপক্ষ এবং অতিরিক্ত ৩ ঘণ্টার বেতন দেবে সরকার। মা-বোনদের কষ্ট ও পারিবারিক দায়িত্বের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত।”
বুধবার (৩ ডিসেম্বর) আলী আকবর ডেইল ইউনিয়ন জামায়াত আয়োজিত মহিলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি শিক্ষিকা হোসনে আরা বেগমের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াত আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু সাদেক প্রমুখ।
ড. আযাদ বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের আমলেই নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। ইভটিজিং, স্লাট শেইমিং, ধর্ষণ—এসব ঘটেছে নিয়মিতভাবে। জামায়াত ক্ষমতায় গেলে নারীর নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না—এটা আমাদের ওয়াদা।”
ইউনিয়ন সেক্রেটারি রুস্তম হায়দারের সঞ্চালনায়, কর্মী সম্মেলনে জাতীয় রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনা করে ‘জুলাই সনদ’ রচিত হয়েছে। বিএনপি এতে স্বাক্ষর করলেও এখন উল্টো এর বিরোধিতা করছে, যা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী।”
তিনি সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান—“আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরিবর্তনের যাত্রায় অংশ নিন।”
























