শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকিতে উদ্বেগ প্রকাশ জামায়াত প্রার্থী নূর আহমদ আনোয়ারীর

- আপডেট সময় ০৭:১৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ৫৩১ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
এক বিবৃতিতে তিনি বলেন, “আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে বিরত রাখার উদ্দেশ্যে হুমকি প্রদান এবং কাফনের কাপড় পাঠানোর মতো ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও গণতন্ত্রবিরোধী। এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন প্রার্থীর নিরাপত্তাকেই নয়, বরং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে।”
মাওলানা নূর আহমদ আনোয়ারী অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হুমকিদাতাদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে গোয়েন্দা নজরদারি জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, তাদের কর্মী-সমর্থক এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো ধরনের হুমকি, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না।”
শেষে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনীকে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।























