রাতের খেলায় দিনের উত্তাপ: চৌফলদন্ডীতে শুরু মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট

- আপডেট সময় ০৩:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২৪৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
আলোকসজ্জায় মোড়ানো মাঠের চারপাশে দর্শকদের উচ্ছ্বাস আর মাঠে খেলোয়াড়দের প্রাণপণ লড়াই—রাতের খেলায় যেন দিনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। সদরের চৌফলদন্ডী ৭নং ওয়ার্ড উত্তর পাড়ায় স্থানীয় তরুণদের সংগঠন “অল স্টার ক্রীড়া সংস্থা” কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৯টায় এ উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌফলদন্ডী ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণদের এই উদ্যোগকে তাঁর পরিষদের পক্ষ থেকে স্বাগত জানানোর পাশাপাশি টুর্নামেন্টের শেষাবধি সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে তরুণদের মাদকমুক্ত রাখা এবং মোবাইল গেম আসক্তি থেকে দূরে রাখার ক্ষেত্রে অনন্য নজির স্থাপনের আহ্বান জানান।

উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব নুর মুহাম্মদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী হাবিবউল্লাহ হাবিব। এছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মান্যগণ্য ব্যক্তিবর্গের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
টুর্নামেন্টে বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড়দের দল অংশগ্রহণ করবে বলে জানান অল স্টার ক্রীড়া সংস্থার সম্মানিত প্রতিনিধি তাফসীর উদ্দিন ফাহিম ও সভাপতি রিদুয়ানুল হক। উদ্বোধনী খেলায় আক্রমণ–প্রতিআক্রমণ, দ্রুতগতির খেলা ও দৃষ্টিনন্দন গোল দর্শকদের দারুণভাবে উপভোগ করায়। বিশেষ করে রাতের আলোয় খেলার ভিন্ন আবহ দর্শকদের মাঠমুখী করছে বলে মনে করেন আয়োজক কমিটির সেক্রেটারি আরিফুল ইসলাম।
উদ্বোধনী ম্যাচে “মোহনভিলা ফুটবল একাদশ” জালালাবাদ বনাম “আমতলী ফুটবল একাদশ” বিজিবি ক্যাম্প অংশগ্রহণ করে। দীর্ঘ লড়াইয়ের পর আমতলী ফুটবল একাদশ পেনাল্টির মাধ্যমে বিজয় লাভ করে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের তুলে ধরাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। তারা বলেন, এমন আয়োজন তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলা দেখতে আসা স্থানীয় দর্শকদের মতে, দীর্ঘদিন পর এলাকায় এমন সুন্দর ও সুশৃঙ্খল ক্রীড়া আয়োজন তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা নিয়মিত এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন বলেও জানান।















