টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

- আপডেট সময় ০২:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ২৯৭ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযানে অস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলা নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে আটক ব্যক্তির দেহ ও আশপাশে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ২টি শর্টগানের তাজা গুলি এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক শামশুল হক ওরফে বদাফুলা দীর্ঘদিন ধরে মাদক পাচার, জিম্মি করে অর্থ আদায়, জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ টেকনাফ থানায় একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, সন্ত্রাস ও অপরাধমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
























