ইঞ্জিন বিকলের পর স্রোতে ভেসে ভারতের জলসীমায় প্রবেশ—ট্রলারসহ কুতুবদিয়ার ২৪ মৎস্যজীবী আটক

- আপডেট সময় ০৬:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ২৬৯ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট:
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে কক্সবাজারের কুতুবদিয়ার একটি ট্রলারসহ ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ইন্ডিয়ান কোস্ট গার্ড)। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ উপকূল এলাকায়।
আটককৃত ট্রলারটির নাম এফবি সাফ ওয়ান। ট্রলারটির মালিক কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজার এলাকার ব্যবসায়ী নুর মোহাম্মদ সওদাগর।
‘বেঙ্গল আইকন নিউজ’ এর এক ভিডিওতে দেখা যায়, আটককৃত মৎস্যজীবীদের দাবি, তারা ইচ্ছাকৃতভাবে ভারতের জলসীমায় প্রবেশ করেননি। মৎস্যজীবীদের বক্তব্য অনুযায়ী, গভীর সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এরপর জোয়ার-ভাটার প্রবল স্রোতের টানে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ভারতের জলসীমার ভেতরে ঢুকে পড়েন।
‘আকাশবাণী কলকাতা’র এক প্রতিবেদনে উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ফ্রেজারগঞ্জ ঘাঁটির একটি কোস্ট গার্ড জাহাজ আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি টহল দিচ্ছিল। এ সময় ভারতীয় জলসীমার ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ট্রলারটিকে। পরে ধাওয়া করে ট্রলারসহ ২৪ জন মৎস্যজীবীকে আটক করা হয়।
আটকের পর তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়া যায়, আটক সকলেই বাংলাদেশের নাগরিক। সোমবার ট্রলার ও আটক মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, বিনা অনুমতিতে অনুপ্রবেশ ও অবৈধ মৎস্য শিকারের অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। আটক মৎস্যজীবীদের আগামীকাল কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করার কথা রয়েছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে যখন রাজনৈতিকভাবে সংবেদনশীল সময় এবং এসআইআর সংক্রান্ত আবহ চলমান, ঠিক সেই সময় এই ঘটনাটি ঘটায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।























