মহেশখালীর মাতারবাড়ীসহ নতুন ৪ থানা অনুমোদন দিয়েছে নিকার

- আপডেট সময় ০৩:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ৩৩৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
প্রশাসনিক কাঠামো আরও কার্যকর ও জনসেবামুখী করতে কক্সবাজারের মাতারবাড়ীসহ দেশের চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এসব প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিকারের প্রথম সভা।
অনুমোদিত নতুন থানাগুলো হলো—কক্সবাজার জেলার মাতারবাড়ী থানা, গাজীপুর জেলার পূর্বাচল উত্তর থানা, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ থানা এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলাকে বিভক্ত করে একটি নতুন থানা।
সভায় অর্থ উপদেষ্টা এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টাসহ সরকারের ছয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ মোট ১৪ জন সচিব ও সিনিয়র সচিব সভায় অংশ নেন। এদিন প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
একই সভায় সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল করতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়। বিভাগ দুটি হলো— রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।
উল্লেখ্য, এ লক্ষ্যে ইতোমধ্যে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে।















