২৪ জানুয়ারি কুতুবদিয়ায় চালু হচ্ছে সি-ট্রাক সেবা: অন্তর্বর্তীকালীন সরকার ও ড. হামিদুর রহমান আযাদকে দ্বীপবাসীর অভিনন্দন

- আপডেট সময় ১১:৫৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ৩৭২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে আধুনিক সি-ট্রাক পরিবহন সেবা চালু হচ্ছে আগামী ২৪ জানুয়ারি। এ উপলক্ষে উপকূলীয় উন্নয়ন পরিষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সি-ট্রাক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে কুতুবদিয়া–মহেশখালী অঞ্চলের সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের প্রতি।
উপকূলীয় উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব (অব.) ড. খুরশীদ আলমের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে অনিরাপদ নৌযোগাযোগের কারণে কুতুবদিয়ার মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে আসছিল। সি-ট্রাক সেবা চালু হওয়ায় দ্বীপবাসীর জীবনমান উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং দুর্যোগকালীন নিরাপদ যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুতুবদিয়ার নিরাপদ নৌযোগাযোগ নিশ্চিত করতে ড. হামিদুর রহমান আযাদ দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। এরই অংশ হিসেবে ২০২৫ সালের ২৪ এপ্রিল তিনি সংশ্লিষ্ট মাননীয় উপদেষ্টার কাছে একটি ডিও লেটার প্রদান করেন। ওই উদ্যোগের প্রেক্ষিতেই আশু সমাধান হিসেবে সরকার কুতুবদিয়ায় সি-ট্রাক সেবা চালুর সিদ্ধান্ত গ্রহণ করে।
এ সময় সি-ট্রাক চালুর জন্য সংশ্লিষ্ট উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং একই সঙ্গে কুতুবদিয়ার স্থায়ী ও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ ফেরি সার্ভিস চালুর জোর দাবি জানানো হয়।
সি-ট্রাক সেবা বাস্তবায়নে নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে উপকূলীয় উন্নয়ন পরিষদ।
স্থানীয়রা মনে করছেন, এই সি-ট্রাক সেবা কুতুবদিয়ার যোগাযোগ ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে এবং দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব করবে।




















