নারীদের জন্য নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিন: ভিপি বাহাদুর

- আপডেট সময় ০৫:৪৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ২৪৫ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার-০৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর বলেছেন, নারীরা আমাদের কারো মা, কারো বোন, কারো সহধর্মিণী। দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকই নারী। নারীদের অগ্রগতি ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন কখনো সম্ভব নয়। অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে কোনো জাতি এগোতে পারে না। এ কারণে জামায়াতে ইসলামী নারীদের জন্য নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতে আলাদা ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, রাস্তা-ঘাটে ভয়হীন চলাচল এবং সামাজিক পরিবেশে মর্যাদা নিশ্চিত করা জামায়াতে ইসলামীর অঙ্গীকার। সামাজিক অশান্তি ও বিরোধের ক্ষেত্রে ইনসাফপূর্ণ অবস্থান গ্রহণ করাই আমাদের নীতি। শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের জন্য আলাদা যাতায়াত ব্যবস্থার পরিকল্পনাও আমাদের কর্মসূচির অংশ।
শহীদুল আলম বাহাদুর আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেলে ঘরে, কর্মস্থলে এবং সমাজের প্রতিটি স্তরে নারীদের জন্য নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি নারীদের ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করেন।
জাতীয় উন্নয়নে নারী সমাজকে পুরুষের পাশাপাশি সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত শক্তির মাধ্যমেই একটি সুখী, সমৃদ্ধশালী ও সকলের জন্য নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব। পিছিয়ে পড়া নারীদের শিক্ষার আলোয় আলোকিত করে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করা হবে। সর্বক্ষেত্রে নীতি, নৈতিকতা ও আদর্শিক অবস্থান সুদৃঢ় করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
শনিবার (২৪ জানুয়ারি) ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আলী আহমদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নূরুল আজীম, সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম, ঈদগাঁও ইউনিয়ন আমীর অধ্যাপক হাকীম আলী ও লায়েক বিন ফাজেল।




















