সংসদ অধিবেশনে অসুস্থ এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

- আপডেট সময় ০৯:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ৪১৭ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের চলমান অধিবেশনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাতক্ষীরা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে তিনি অসুস্থতা অনুভব করলে সংসদ সদস্য ও সংশ্লিষ্টদের সহায়তায় দ্রুত তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়।
ঘটনার পরপরই সংসদের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টিম সেখানে উপস্থিত হয়ে তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে। চিকিৎসকদের তাৎক্ষণিক সেবায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটে এবং বর্তমানে তিনি স্থিতিশীল আছেন বলে জানা গেছে।
জোহরের নামাজের বিরতির সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অসুস্থ এ সংসদ সদস্যকে দেখতে সংসদ লবিতে যান। তিনি রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এসময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা উপস্থিত হয়ে তাঁর সুস্থতা কামনা করেন। জাতীয় সংসদের চিফ হুইপ ও অন্যান্য হুইপবৃন্দও এসময় সেখানে উপস্থিত ছিলেন।
চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ শেষে জানানো হয়, বর্তমানে এমপি রবিউল বাশার শঙ্কামুক্ত ও সুস্থ রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
















