কক্সবাজার শহর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে মুহাম্মদ শাহজাহান
ফ্যাসিবাদ মুক্ত দেশ গঠনে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিকল্প নেই

- আপডেট সময় ১০:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৪০৩ বার পড়া হয়েছে
জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, “ন্যায়ভিত্তিক ও ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনের লক্ষ্যে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন আজ সময়ের অপরিহার্য দাবি এবং এর কোনো বিকল্প নেই।” তিনি ৪ মে ২০২৬, রবিবার বিকেলে কক্সবাজার শহর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শহর আমির আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা হাবিবুল্লাহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম, শহর জামায়াতের নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরী ও শহীদুল আলম বাহাদুর প্রমুখ।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, “দেশের মানুষের হাতে ভোটের কালি মুছে যাওয়ার আগেই সরকার জনগণের মতামতের সাথে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা শুরু করেছে। কিন্তু সরকারের বুঝা উচিত দেশের মানুষ জুলাই সনদ ও গণভোটের পক্ষেই রায় দিয়েছে।”
তিনি বলেন, গণভোটসহ জুলাই সনদের পক্ষে গৃহীত যাবতীয় অধ্যাদেশ সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সরকার যদি সংখ্যাগরিষ্ঠতার দম্ভে জনগণের বিপক্ষে অবস্থান নেয়, তবে তার ফায়সালা রাজপথেই হবে এবং লড়াই ছাড়া আর কোন বিকল্প থাকবে না। তিনি বলেন, তেল গ্যাসের দাম বৃদ্ধির কারণে জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বোঝা জনগণ বহন করতে পারছে না। এভাবে একটা দেশ চলতে পারে না।
তিনি কর্মপরিষদ সদস্যসহ সর্বস্তরের জনশক্তিকে আন্দোলনের পাশাপাশি জীবনের পরকালীন মুক্তির লক্ষ্যে আত্মগঠনে মনোনিবেশ করতে আহ্বান জানান।














