এলপিজি সংকট না থাকলে বাজারে ঘাটতি ও অস্বাভাবিক দাম কেন প্রশ্ন ড. হামিদুর রহমান আযাদের

- আপডেট সময় ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
দেশে এলপিজির সংকট না থাকার সরকারি বক্তব্যের সঙ্গে বাজারের বাস্তবতার অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সরকার বলছে দেশে এলপিজির সংকট নেই। তাহলে ১ হাজার ৫৮৫ টাকার ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ১০০–২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে কেন? বেশি দাম দিয়েও অনেক জায়গায় মানুষ গ্যাস পাচ্ছে না কেন?”
তিনি বলেন, “সরকারকে এখন সরাসরি জবাব দিতে হবে—গ্যাস কোথায়? কার কাছে মজুত আছে? কোন পর্যায়ে সরবরাহ আটকে আছে?”
ড. হামিদ আযাদ বলেন, “সংকট না থাকলে বাজারে এই ঘাটতি ও অস্বাভাবিক দাম কেন? কারা অতিরিক্ত দাম নিচ্ছে, আর কারা সরবরাহ আটকে রাখছে—তা তদন্ত করে জনগণের সামনে প্রকাশ করতে হবে।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক বাজারে দাম বা পরিবহন ব্যয় বাড়লে তার তথ্য-উপাত্ত দিন। কিন্তু সরকারি দামে পণ্য পাওয়া নিশ্চিত করতে না পেরে শুধু ‘সংকট নেই’ বললে জনগণ সেই বক্তব্য বিশ্বাস করবে কীভাবে?”
এলপিজিকে মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য উল্লেখ করে তিনি বলেন, “এলপিজি বিলাসপণ্য নয়—এটি মানুষের নিত্যপ্রয়োজন। তাই মজুতদারি, কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ তদন্ত করুন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং নির্ধারিত দামে গ্যাস পাওয়া নিশ্চিত করুন।”
তিনি বলেন, “প্রশ্ন খুব পরিষ্কার—গ্যাস যদি থাকে, তাহলে জনগণ তা পাচ্ছে না কেন?”












