উখিয়ায় বিজিবির অভিযানে অস্ত্র, ৫১৫ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবা উদ্ধার

- আপডেট সময় ০৫:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ২৬৯ বার পড়া হয়েছে
উখিয়া, ৩ জুন ২০২৬: কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি জি-থ্রি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) দুপুর ২টা ১৫ মিনিটে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাহারপাড়া সীমান্তবর্তী নাফ নদীর শূন্যরেখার কাছে মিয়ানমার থেকে জেলের বেশে নৌকাযোগে কয়েকজন অস্ত্রধারী সশস্ত্র ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করেন বিজিবি সদস্যরা।
এ সময় টহলরত বিজিবির বিশেষ দল দ্রুত নাফ নদীসংলগ্ন বেড়িবাঁধে অবস্থান নিয়ে সশস্ত্র দলের ওপর গুলি ছোড়ে। জবাবে সশস্ত্র গ্রুপটিও কয়েক রাউন্ড গুলি চালায়। একপর্যায়ে তারা নৌকা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে একটি জি-থ্রি রাইফেল, তিনটি জি-থ্রি খালি ম্যাগাজিন, তিনটি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, দুটি এয়ারটেল সিম, ৪ হাজার পিস ইয়াবা, একটি জি-থ্রি পোচ, দুটি লুঙ্গি, একটি কলার গেঞ্জি, ২০ টাকা নগদ অর্থ এবং ১২ প্যাকেট সিগারেট উদ্ধার করেন।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী গত ৩০ মে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ কাব্যিক চর এলাকায় দুই জেলে বেশধারী রোহিঙ্গার কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেওয়া যে সশস্ত্র দলটি হামলা চালিয়েছিল, বুধবারের ঘটনায় জড়িত দলটি সেই একই গ্রুপ বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির জনবল মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবাসী ও জেলেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
বিজিবি আরও জানায়, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে সন্ত্রাস দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
















