বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তি দাবি হামিদ আযাদের

- আপডেট সময় ০১:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনা, অনিয়ম ও যাত্রী হয়রানির বিরুদ্ধে এবং প্রবাসীদের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলার কারণে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
আজ দুপুর সাড়ে ১২ টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “প্রতিবাদের কণ্ঠ স্তব্ধ করতে মামলা ও গ্রেফতারকে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে দেওয়া যায় না। একজন নাগরিকের অভিযোগের জবাব দিতে হবে তদন্তের মাধ্যমে, ফ্যাসিবাদী কায়দায় ভয় দেখিয়ে বা হয়রানি করে নয়।”
তিনি মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে “সাজানো ও হয়রানিমূলক” উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহার এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
হামিদুর রহমান আযাদ বলেন, “যদি কোনো অভিযোগ থাকে, নিরপেক্ষ তদন্ত হোক। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও সব প্রমাণ প্রকাশ্যে যাচাই করা হোক। কিন্তু তদন্তের নামে হয়রানি, প্রতিহিংসা কিংবা কণ্ঠরোধ মেনে নেওয়া হবে না।”
পোস্টে তিনি তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দেওয়া ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, বিমানবন্দরের অনিয়ম ও যাত্রী হয়রানির নিরপেক্ষ তদন্ত এবং প্রবাসীদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা।
তিনি বলেন, “অন্যায় মেনে নেওয়া হবে না—ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে।”

















