সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

- আপডেট সময় ১০:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ৩৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকায় বিএসএফের পুশইন চেষ্টার খবর পাওয়া গেছে। লালমনিরহাট ৩৩, নওগাঁ ১৭ ও পঞ্চগড় ১০ জন সহ সীমান্ত দিয়ে মোট ৬০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবি তা প্রতিহত করে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১১ জন, পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ী বিওপি এলাকায় ১০ জন এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর দীঘলটারী সীমান্ত এলাকায় ১২ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে শুক্রবার সকালে ১৭ জনকে পুশইনের চেষ্টা করা হয়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। পরে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
অন্যদিকে পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তে বিএসএফের সদস্যরা নারী-পুরুষসহ ১০ জনকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবির বাধার মুখে তারা সীমান্তের ভারতীয় অংশে অবস্থান নেয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক ও আলোচনা অব্যাহত রয়েছে।














