বিএনপি নেতার বিরুদ্ধে ভূমিদখলের প্রতিবাদ করায় নারীর প্রাইভেট পার্টে মরিচের গুঁড়া, গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ করায় নারীর নির্যাতনের অভিযোগ

- আপডেট সময় ০১:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ৩২০ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে ভূমিদখলের প্রতিবাদ করায় হাসিনা বানু (৫৪) নামে এক নারীকে গাছে বেঁধে মারধর ও প্রাইভেট পার্টে মরিচের গুঁড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ভুক্তভোগী হাসিনা বানু উপজেলার মহিষবাথান সরদারপাড়া গ্রামের আহাদ আলী ওরফে বাবর আলীর স্ত্রী। শনিবার (১৩ জুন) তিনি মহাদেবপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে বৃহস্পতিবার গাহলীর মোড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে হাসিনা বানু বক্তব্য দিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
এর জের ধরে শুক্রবার সকালে আব্দুল মতিনের আত্মীয়-স্বজন ও সমর্থকরা হাসিনার বাড়িতে গিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। তাকে বাসা থেকে টেনে-হিঁচড়ে বের করে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে, এমনকি প্রাইভেট পার্টেও মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
হাসিনার স্বামী আহাদ আলী প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করা হয় বলে পরিবারের দাবি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসিনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল মতিন মণ্ডল। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষ তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অভিযোগ ছড়াচ্ছে এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় আব্দুল মতিন মণ্ডলসহ ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।














