কক্সবাজার বাস টার্মিনালে সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ডক্রুজার থেকে ইয়াবাসহ সাবেক ল্যান্স করপোরাল আটক

- আপডেট সময় ১২:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ১৩১ বার পড়া হয়েছে
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি ল্যান্ডক্রুজার গাড়ি থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাবেক ল্যান্স করপোরাল ওবায়দুল হাসান (৪১) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আটক ওবায়দুল হাসান বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া মন্ডলবাড়ি এলাকার মৃত দেলোয়ার রহমানের ছেলে।

জানা গেছে, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহাম্মদ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ল্যান্ডক্রুজার গাড়িটি তল্লাশি করে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা ওবায়দুল হাসানকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ইয়াবার উৎস এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।














