চকরিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

- আপডেট সময় ০৭:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ১২৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রমের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
ভুক্তভোগী সাংবাদিক রিদুয়ানুল হক জানান, জাপান টোব্যাকো কোম্পানির উদ্যোগে পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমের ছবি ও তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যান তিনি।
তিনি দৈনিক আজকের দর্পণের চকরিয়া প্রতিনিধি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা শাখার সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং চকরিয়া প্রেসক্লাবের সদস্য। তাঁর অভিযোগ, এ সময় স্থানীয় কয়েকজন বিএনপির কর্মী তাঁর ওপর হামলা চালান।
পরে তাঁকে চকরিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। একই সঙ্গে তাঁকে মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা সাংবাদিক রিদুয়ানুল হককে সসম্মানে মুক্তি দেওয়ার পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। এছাড়া চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন এবং চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে আমাদের কাছে অভিযোগ ও অনুরোধ এসেছে। আমরা পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।















