টেকনাফে কথা কাটাকাটির জের ধরে গোলাগুলি, আহত ২

- আপডেট সময় ০৭:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে স্থানীয় আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সিকদার পাড়ার মাওলানা আব্দুল গফুরের ছেলে মো. হেলাল (২৫) এবং পানছড়ি পাড়ার সাবেক ইউপি সদস্য সাব্বির আহমেদের ছেলে মো. হারুন (২৯/৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবরাং ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য শামশুল আলম (শামসু মেম্বার) ও তার ভাই তোফায়েলের সমর্থকদের সঙ্গে অপর একটি পক্ষের বাগ্বিতণ্ডার একপর্যায়ে গোলাগুলির সূত্রপাত হয়। একপর্যায়ে রুবেল, আলমগীর ও তোফায়েল মিলে যৌথভাবে হেলাল ও হারুনের উপর গুলি বর্ষন করে।
স্থানীয় আধিপত্য বিস্তার, পূর্ববিরোধ ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘাত এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে গোলাগুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র বা এ ঘটনায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।















