যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

- আপডেট সময় ০৯:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ৭৯ বার পড়া হয়েছে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের যাত্রী ছাউনিতে শুক্রবার সকালে সন্তান প্রসব করেছেন এক মানসিক ভারসাম্যহীন নারী।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই নারী বেশ কিছুদিন ধরে রহমতপুর ব্রিজ ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। এরপর আজ সকালে তিনি যাত্রী ছাউনির ভেতরে সন্তান প্রসব করেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন বলেও জানান তারা।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী লিটন হোসেন বলেন, প্রথমে বিষয়টি দেখতে পেয়ে আমরা কিছু কাপড় ও ব্যানার দিয়ে ওই নারী ও নবজাতককে আড়াল করি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা ঘটনাস্থলে যান। পরে প্রশাসনের উদ্যোগে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মা ও শিশুর নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
















