গার্মেন্টস শিল্পের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

- আপডেট সময় ০৭:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা ও সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিশ্ববাজারের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল বা কমে যাওয়ার কারণে তৈরি পোশাকশিল্প কঠিন সময় পার করছে।
তিনি আরও বলেন, শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনও ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত ও চিকিৎসা ব্যয়সহ নানা কারণে সংকটের মুখে পড়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রধান এই রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নিতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদনের গতি বাড়ানো গেলে বিদ্যমান সমস্যাগুলো যৌক্তিকভাবে বিবেচনা করে সমাধান করা সম্ভব।
তিনি উল্লেখ করেন, শিল্প বাঁচলে শুধু মালিক নয়, দেশও বাঁচবে। তাই শিল্প উদ্যোক্তা ও শিল্পে নিয়োজিত শ্রমিক—উভয় পক্ষকে রক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করে বলেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যেতে পারে। তাই এ বিষয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।









