৩০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ টেকনাফের যুবক আটক

- আপডেট সময় ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ৭৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মোহাম্মদ জুবায়ের (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়।
সিএনজির যাত্রী মোহাম্মদ জুবায়েরকে সন্দেহ হলে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক জুবায়ের কক্সবাজারের টেকনাফ উপজেলার কুতুবদিয়া পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মৃত জাফর আলম।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
















