কক্সবাজারের কৃতি সন্তান ডা. মো: রাশেদুল করিম’র চক্ষু বিভাগে এমএস ডিগ্রি অর্জন

- আপডেট সময় ০৯:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১২৮ বার পড়া হয়েছে
চিকিৎসা বিজ্ঞানের অন্যতম কঠিন ও মর্যাদাপূর্ণ ডিগ্রি চক্ষু সার্জারিতে ‘মাস্টার্স অব সার্জারি’ (MS) অর্জন করেছেন কক্সবাজারের কৃতি সন্তান ডা. রাশেদুল করিম। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এর অধীনে জুলাই ২০২৬-এ অনুষ্ঠিত এমএস ফাইনাল পরীক্ষায় তিনি সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন।
বিজ্ঞপ্তি ও স্বজনদের সূত্রে জানা যায়, ২০১৯ সালে অনুষ্ঠিত এমএস ভর্তি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সার্জারির উচ্চতর প্রশিক্ষণ শুরু করেন ডা. মো: রাশেদুল করিম। দীর্ঘদিনের অধ্যবসায়, নিরলস পরিশ্রম, অপরিসীম ত্যাগ এবং পরিবারের অকৃত্রিম সমর্থনে আজ তাঁর বহু কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সফলভাবে সম্পন্ন হলো।
এই অসামান্য অর্জন প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, এটি কেবল একটি ডিগ্রি নয়; বরং তাঁর কঠোর পরিশ্রম, নিষ্ঠা, ধৈর্য, আত্মত্যাগ এবং মানুষের সেবা করার পরম অঙ্গীকারের এক অনন্য স্বীকৃতি।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ডা. মো: রাশেদুল করিম জানান, তিনি একজন দক্ষ, মানবিক ও সেবাপরায়ণ চক্ষু বিশেষজ্ঞ হিসেবে আমৃত্যু মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চান। বিশেষ করে সমাজের অসহায়, দরিদ্র রোগীদের চক্ষুসংক্রান্ত মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে তিনি আন্তরিকভাবে কাজ করার দৃঢ় ব্যক্ত প্রকাশ করেন।
নিজের এই দীর্ঘ ও চ্যালেঞ্জিং যাত্রায় যাঁরা দোয়া করেছেন, সাহস জুগিয়েছেন এবং বিভিন্নভাবে পাশে থেকে উৎসাহিত করেছেন, তাঁদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই চিকিৎসক।
উল্লেখ্য, ডা. মো: রাশেদুল করিম কক্সবাজার শহরের সিকদার পাড়া, এসএমপাড়া এলাকার সন্তান।
তিনি কক্সবাজার জেলার একমাত্র চক্ষু বিজ্ঞানে এমবিবিএস, বিসিএস, এম.এস. পাস করা চিকিৎসক।
তাঁর এই সাফল্য পরিবার ও স্বজনদের পাশাপাশি কক্সবাজারের চিকিৎসা অঙ্গনে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে।















