পালংখালী ইউনিয়নে জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

- আপডেট সময় ০৭:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) পালংখালীর স্থানীয় এক মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমিন মুহম্মদ সিরাজুল ইসলাম। তিনি দীর্ঘ আলোচনায় কর্মীদের মান উন্নয়ন, আত্মগঠন, সমাজকর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা এবং যোগ্য ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রধান অতিথি বলেন, একজন আদর্শ কর্মীকে ব্যক্তিগত জীবনে নৈতিকতা, সততা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সমাজের মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে। সংগঠনের দায়িত্ব পালনের ক্ষেত্রে জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন উপজেলা জামায়াতের আমীর হযরত মাওলানা আবুল ফজল। তিনি কোরআনের আলোকে কর্মীদের আত্মশুদ্ধি, চরিত্র গঠন ও আদর্শিক জীবনযাপনের বিষয়ে আলোচনা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পালংখালী ইউনিয়ন আমীর আবুল আলা রোমান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মওলানা নুরুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য খাইরুল বশর এবং কর্মপরিষদ সদস্য মওলানা কবির আহাম্মদ প্রমুখ।
বক্তারা বলেন, একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল, সৎ ও দক্ষ নেতৃত্ব প্রয়োজন। এ জন্য সংগঠনের নেতাকর্মীদের নিজেদের জ্ঞান, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
তারা আরও বলেন, সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে মানুষের কল্যাণে কাজ করা এবং ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় পালংখালী ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সমাবেশে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, কর্মীদের মানোন্নয়ন, আত্মগঠন এবং সমাজে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
















