চকরিয়ায় ৭৫ বছরের বৃদ্ধা মা হত্যা: ছেলে-মেয়ে ও পুত্রবধূসহ গ্রেফতার ৪

- আপডেট সময় ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা আরফা বেগমকে হত্যার ঘটনায় ছেলে-মেয়ে ও পুত্রবধূসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে ওই বৃদ্ধাকে হত্যার তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ছেলে ও পুত্রবধূর সঙ্গে বৃদ্ধা আরফা বেগমের দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। ঘটনার রাতে পুত্রবধূ নাছরিন সুলতানা মুন্না বৃদ্ধা শাশুড়িকে রাতের খাবার খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দেন।
পরে রাতের কোনো একসময় আসামিরা পরস্পর যোগসাজশে বৃদ্ধা আরফা বেগমকে হত্যা করে বলে তদন্তে উঠে এসেছে। পরবর্তীতে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয় বলেও পিবিআইয়ের তদন্তে তথ্য পাওয়া যায়।
ঘটনার রহস্য উদঘাটনে তদন্তে নামে পিবিআই। বিভিন্ন তথ্য-উপাত্ত, ঘটনাস্থল পরিদর্শন এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।
এ ঘটনায় বৃদ্ধার ছেলে, মেয়ে ও পুত্রবধূসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে প্রত্যেকের সংশ্লিষ্টতা যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
















