২০ কোটি টাকার মামলা, নিন্দায় জাতীয় ছাত্রশক্তি

- আপডেট সময় ০২:৩৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে নারীবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ করায় জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীসহ ১৪ জনের বিরুদ্ধে ২০ কোটি টাকার কথিত মানহানি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোসলেম উদ্দিন ভূইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলার মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা জিনিয়া শারমিন রিয়াকে উদ্দেশ্য করে ‘অশালীন ও নারীবিদ্বেষী’ ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।
জাতীয় ছাত্রশক্তির দাবি, ওই বক্তব্যের মাধ্যমে একজন নারীর রাজনৈতিক কণ্ঠস্বরকে অপমান ও স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে একজন রাষ্ট্রীয় আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ পেশাগত নৈতিকতার পরিপন্থী বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর প্রতিবাদে গত ৩ সেপ্টেম্বর কক্সবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনটির দাবি, ওই কর্মসূচিতে প্রতীকী প্রতিবাদের একটি ঘটনা ঘটে। পরবর্তীতে সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর কক্সবাজার জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আতাহার সাকিফ, সাধারণ সম্পাদক জায়েদ বিন আমান, মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াসহ মোট ১৪ জনের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। সংগঠনটির অভিযোগ, যিনি কথিতভাবে অবমাননাকর বক্তব্যের শিকার হয়েছেন, তাকেও ওই মামলায় আসামি করা হয়েছে।
জাতীয় ছাত্রশক্তি এ মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে। পাশাপাশি অভিযোগে উত্থাপিত নারীবিদ্বেষী বক্তব্যের নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট আইন কর্মকর্তার পেশাগত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী বলেন, নারীর রাজনৈতিক ও সামাজিক মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা এবং প্রতিবাদের অধিকার রক্ষায় তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।



















