উখিয়ায় ছাত্র প্রতিনিধিকে মিথ্যা ‘গরু চুরির’ অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

- আপডেট সময় ০৯:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় শেখ সাঈদি নামের এক ছাত্র প্রতিনিধিকে ‘গরু চুরি’র অপবাদ দিয়ে গরুর রশির সঙ্গে বেঁধে মারধর এবং দাড়ি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে একটি মাদক কারবারীচক্রের বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগে বলা হয়েছে, ‘গরু চুরির’ অপবাদ দিয়ে সাজানো ঘটনার মাধ্যমে শেখ সাঈদির ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। তাকে গরুর রশির সঙ্গে বেঁধে ব্যাপক মারধরের পাশাপাশি দাড়ি কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নেটিজেনরা।
তারা বলেন, কেউ অপরাধ করলে দেশে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটিয়ে অপরাধীরা পার পেয়ে গেলে এলাকায় সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে।
ঘটনার বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ, উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার এবং উখিয়া প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা ও নেটিজেনরা।



















