তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত, আনুষ্ঠানিক ঘোষণা জেলা আমিরের
পেকুয়ার সাত ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

- আপডেট সময় ০৩:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের মতামত ও সাংগঠনিক আলোচনার ভিত্তিতে এসব প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
৩১ অক্টোবর কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী আনুষ্ঠানিকভাবে সাত ইউনিয়নের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন— উজানটিয়া ইউনিয়নে মাওলানা আবু শরীফ, বারবাকিয়া ইউনিয়নে মাওলানা এইচ এম বদিউল আলম, টৈটং ইউনিয়নে মাওলানা হাসান শরীফ চৌধুরী, রাজাখালী ইউনিয়নে অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, শিলখালী ইউনিয়নে মো. ইলিয়াস, মগনামা ইউনিয়নে শহীদুল মোস্তফা এবং পেকুয়া সদর ইউনিয়নে মাওলানা ইমতিয়াজ উদ্দীন।
দলীয় সূত্র জানায়, স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে এসব প্রার্থী নির্বাচন করা হয়েছে। ঘোষণার মধ্য দিয়ে পেকুয়ার সাতটি ইউনিয়নেই দলটির সম্ভাব্য নির্বাচনী নেতৃত্বের নাম প্রকাশ্যে এলো।
প্রার্থী ঘোষণা উপলক্ষে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী এসব প্রার্থী মনোনীত করেছে। তিনি ঘোষিত প্রার্থীদের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এদিকে সাতটি ইউনিয়নে একযোগে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে পেকুয়ার স্থানীয় রাজনীতিতে নির্বাচনী প্রস্তুতির নতুন আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা এবং নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে প্রার্থীদের চূড়ান্ত অবস্থান ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার চিত্র আরও স্পষ্ট হবে।












