মেধাবৃত্তিতে রামু ইকরা মডেলের বাজিমাত, পাঁচ শিক্ষার্থীর সাফল্যে উচ্ছ্বাস—ট্যালেন্টপুলে তৃতীয় আল রাফি

- আপডেট সময় ০২:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
সিটি পাবলিক মেরিট স্কলারশিপ পরীক্ষা-২০২৬-এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে কক্সবাজারের রামু ইকরা মডেল একাডেমি। প্রতিষ্ঠানটির পঞ্চম ও চতুর্থ শ্রেণির মোট পাঁচজন শিক্ষার্থী বৃত্তি অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
রামু মডেল একাডেমির ফেসবুক পেইজে প্রকাশিত ফলাফল ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভিনন্দনবার্তা থেকে জানা যায়, বৃত্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থীর মধ্যে একজন ট্যালেন্টফুল বৃত্তি এবং চারজন সাধারণ বৃত্তি অর্জন করেছে।
চতুর্থ শ্রেণি থেকে বৃত্তি অর্জন করেছে তিন শিক্ষার্থী। তারা হলো—মোঃ তাহাসীন আরাফাত সাইমুন, আহনাফ মোঃ সাফওয়াত ও আল রাফি। এর মধ্যে আল রাফি ট্যালেন্টফুল বৃত্তিতে মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে। আহনাফ মোঃ সাফওয়াত সাধারণ বৃত্তিতে মেধাতালিকায় ১৬তম স্থান অর্জন করেছে। অন্যদিকে মোঃ তাহাসীন আরাফাত সাইমুন সাধারণ বৃত্তিতে বিশেষ মেধার স্বীকৃতি পেয়েছে।
অন্যদিকে পঞ্চম শ্রেণি থেকে সাধারণ বৃত্তি অর্জন করেছে মাছুমা আনজুম ও ফাহিমা হোছাইন ছফা।
পাঁচ শিক্ষার্থীর এ সাফল্যে রামু ইকরা মডেল একাডেমির শিক্ষার অগ্রযাত্রায় যুক্ত হয়েছে নতুন এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতাকে এ সাফল্যের অন্যতম অনুষঙ্গ হিসেবে দেখা হচ্ছে।
এ অর্জনে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সাফল্য শুধু পাঁচ শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জন নয়, বরং রামুর শিক্ষা অঙ্গনের জন্যও একটি আনন্দের সংবাদ। তাদের এ অর্জন অন্য শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।
পাঁচ শিক্ষার্থীর সাফল্যে গর্বিত রামু ইকরা মডেল একাডেমি।














