নুরুল আমিন মেম্বার হত্যা চেষ্টা মামলায় অন্যায়ভাবে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

- আপডেট সময় ০৮:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৭১ বার পড়া হয়েছে
উখিয়ার পালংখালীতে সাবেক ইউপি সদস্য নুরুল আমিন কে হত্যা চেষ্টা মামলায় অন্যায়ভাবে আসামি করার অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন রিফাত আল মোহাম্মদ নিশান।
রোববার (১৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। রিফাত আল মোহাম্মদ নিশান থাইংখালী এলাকার নুরুল আলম প্রকাশ শেখ আলমের ছেলে এবং দীর্ঘদিন ধরে বৈধভাবে ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানান।
লিখিত বক্তব্যে রিফাত বলেন, গত ৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজনিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ চেকপোস্টের সামনে সড়কে নুরুল আমিন এর সাথে মারামারির ঘটনা ঘটে।এই ঘটনায় কে বা কারা ঘটিয়েছে তা আমি/আমার পরিবার অবগত ছিলাম না। কিন্তু নুরুল আমিন এর ছোট ভাই আবছার বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি উখিয়া থানার মামলা নম্বর-২২, জিআর নম্বর-৭৩২, তারিখ ৯ নভেম্বর ২০২৬ হিসেবে নথিভুক্ত হয়েছে।
রিফাতের অভিযোগ, ওই মামলায় তাকে ৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে। তবে ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং ঘটনার সঙ্গে তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই।তিনি দাবি করেন, গত ৮ নভেম্বর বিকেল ৫টা ১১ মিনিট থেকে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তার বাড়ির সিসিটিভি ফুটেজ এবং ব্যবহৃত মোবাইল ফোনের ওই সময়ের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) যাচাই করলে তার অবস্থান সম্পর্কে প্রকৃত তথ্য পাওয়া যাবে। তদন্তের স্বার্থে এসব তথ্য-প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে তিনি প্রস্তুত বলেও জানান।
সংবাদ সম্মেলনে রিফাত আরও বলেন, মামলার ভিকটিম নুরুল আমিন সাবেক মেম্বারের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ বা শত্রুতা নেই। তবে মামলার বাদী নুরুল আবছার ও সাবেক ইউপি সদস্য জয়নাল মেম্বারের প্ররোচনায় তাকে মামলায় জড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।তার দাবি, তাদের পারিবারিক মালিকানাধীন আলম বাজারের জায়গা নিয়ে জয়নাল মেম্বার গংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে তাকে ও তার পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় আসামি করা হয়ে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন।
তবে কোনো অনুমান বা পক্ষপাতের ভিত্তিতে নয়, বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান রিফাত।
সংবাদ সম্মেলনে তিনি মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার সময় তার অবস্থান নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজ ও সিডিআর যাচাই, রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবমুক্ত তদন্ত এবং অভিযোগের সত্যতা না পাওয়া গেলে তাকে মামলা থেকে অব্যাহতির প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
রিফাত বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেন। মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগের কারণে তার সামাজিক মর্যাদা, ব্যবসা-বাণিজ্য ও পারিবারিক জীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


















