ভূমি মন্ত্রণালয়ে চাকরি বাণিজ্য! ‘দালাল মনিরের’ বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

- আপডেট সময় ০৭:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে
রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি মনির হোসেন ওরফে ‘দালাল মনিরের’ কথিত প্রতারণা ও দালালির সাম্রাজ্য। কখনো প্রভাবশালী রাজনৈতিক নেতা, কখনো মন্ত্রী কিংবা সচিবের আত্মীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টা এবং সরকারি চাকরি ও নানা সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহিদুল ইসলামের ভাই পরিচয়ে চার চাকরিপ্রার্থীর কাছ থেকে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সামনে এসেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে পপি আক্তার (রোল নম্বর: ২২১৬২১৬১), এনামুল হক আকন (২২১৫৩৬২২), মনির হোসেন (২২১৩৯৩৬৭) ও অংকন চন্দ্র দে (২২০৪৫৮৩১)—এই চার চাকরিপ্রার্থীর কাছ থেকে মোট ১০ লাখ টাকা নেন মনির। এ ক্ষেত্রে তিনি ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহিদুল ইসলামের ভাই পরিচয় ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। টাকা নেওয়ার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
শুধু চাকরি বাণিজ্য নয়, ঝালকাঠির বাসিন্দা জিয়ার কাছ থেকে পেট্রোল পাম্পের লাইসেন্স করে দেওয়ার কথা বলে ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে মনিরের বিরুদ্ধে। ভুক্তভোগী জিয়ার অভিযোগ, টাকা নেওয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও লাইসেন্স করে দেননি, ফেরতও দেননি টাকা। মাঝেমধ্যে ফোন ধরলেও উল্টো তাঁকে হুমকি-ধমকি দেওয়া হয়। বর্তমানে মনিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
রংপুরের বাসিন্দা জহিরুল নামের আরেক পাওনাদার অভিযোগ করেন, অসুস্থ অবস্থায় চিকিৎসার খরচ জোগাড় করতে ভাতিজার কাছে জমি বিক্রি করে তিন লাখ টাকা দিয়েছিলেন মনিরকে। উদ্দেশ্য ছিল চাকরি পাওয়া। কিন্তু চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইতে গেলে তাঁকে মামলা দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, সরকারি পাকা বাড়ি, সচিবালয়ে চাকরি, রেশন কার্ডে আটা-তেল-ডালসহ খাদ্যসামগ্রী, সেলাই মেশিন ও প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে শত শত নারীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এসব অভিযোগের পর টাকা ফেরত না দিয়ে মনির ও তাঁর স্ত্রী আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে মনিরও নিজের অবস্থান পরিবর্তন করে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেন। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল বলে বিভিন্ন সূত্রের দাবি। তাঁদের প্রভাব ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি কথিত দুর্নীতির অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বপক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য আর্থিক নথি পাওয়া যায়নি।
এ ছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পরও রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন মহলে যোগাযোগ বজায় রেখে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা এবং দলটির বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থসহায়তার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন।
ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহিদুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “কে আমার নাম বিক্রি করে টাকা নিয়েছে, আমি জানি না। আপনারা এই প্রতারককে সিআইডি দিয়ে ধরান। ধরলে আমাকে ফোন দেন। মনির নামে কোনো প্রতারককে আমি চিনি না। যদি এই প্রতারক মনির আমার নাম ব্যবহার করে থাকে, সেটা দণ্ডনীয় অপরাধ। আপনারা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাকে আটক করান।”
তাঁর বক্তব্য অনুযায়ী, মনির হোসেনকে তিনি চেনেন না এবং তাঁর নাম ব্যবহার করে প্রতারণা করা হয়ে থাকলে সেটি অপরাধ।
এদিকে মনির হোসেনের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
একাধিক ব্যক্তির কাছ থেকে চাকরি, পেট্রোল পাম্পের লাইসেন্স ও সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে মনিরের আর্থিক লেনদেন, সম্পদের উৎস, রাজনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ এবং ভুক্তভোগীদের সঙ্গে তাঁর কথিত প্রতারণার বিষয়গুলো তদন্তের দাবি রাখে। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি।
দালাল মনিরের উত্থান, রাজনৈতিক যোগাযোগ, কথিত প্রতারণা ও অর্থসম্পদের বিষয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব। চোখ রাখুন পরবর্তী পর্বগুলোতে।



















