সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর: শহিদুল আলম বাহাদুর

- আপডেট সময় ১২:১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ২৯৯ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর বলেছেন, “আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর। এই দেশ সকল ধর্ম-বর্ণের মানুষের মিলনভূমি—এখানে কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না। দুর্নীতি ও বেকারত্ব দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, “মানুষের নিরাপত্তা, সামাজিক সুবিচার এবং ন্যায়নিষ্ঠ শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনই আমাদের অঙ্গীকার। দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের মাধ্যমে এই অঙ্গীকার বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শনিবার (৮ নভেম্বর) বিকেল থেকে শহিদুল আলম বাহাদুর কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, যুবক ও প্রবীণদের সাথে মতবিনিময় করেন তিনি। সনাতন ধর্মাবলম্বী নারীদের পক্ষ থেকে ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদ, বিশিষ্ট আইনজীবী আকতার উদ্দিন হেলালী, ৫ নং ওয়ার্ড আমীর মাওলানা মুজাহেরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সেক্রেটারি হাবিবুর রহমান তৌহিদ, জামায়াত নেতা নূরুল আমীন ও ফোরকান আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় জনসাধারণের সাথে উষ্ণ অভ্যর্থনা ও ইতিবাচক সংলাপের মাধ্যমে ওই দিনের প্রচারণা পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।




















