“জামায়াতে ইসলামী সবসময় শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে”

- আপডেট সময় ১০:৫৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ১৮২ বার পড়া হয়েছে
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ ৪নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব-বিভাগের উদ্যোগে যুবসমাজকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত করতে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এক যুব-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টার সময় অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলার আমীর আ. স. ম. শাহরিয়ার চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যুবকরাই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। যুব-বিভাগের মাধ্যমে তরুণদের সঠিক দিকনির্দেশনা, ইসলামী মূল্যবোধে শিক্ষিত করা এবং সংগঠনের কাজে যুক্ত করা সময়ের প্রধান দাবি। সমাজ পরিবর্তনের মেরুদণ্ড হচ্ছে যুবসমাজ, তাই তারা যদি সত্য-ন্যায় ও আদর্শের পথে থাকে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সমাজ ও দেশ আলোকিত পথেই এগোবে।”
মৎস্যজীবীদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, “কুতুবদিয়ার হাজার হাজার মৎস্যজীবী সমুদ্রের ঝুঁকি নিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের নিরাপত্তা, ন্যায্য মূল্য, পুনর্বাসন ও উন্নয়ন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা যুব-বিভাগের সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারি হুজ্জাতুল ইসলাম সাকিব, বড়ঘোপ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আহমদ নূর, বড়ঘোপ ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোছাইন, অমজাখালী ফকিরা জামে মসজিদের ইমাম হাফেজ শাহ আলম, ওয়ার্ড অফিস সম্পাদক নুরুল আলম এবং যুব নেতা রমজান আলী প্রমূখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়ঘোপ ৪নং ওয়ার্ড সভাপতি আবু ওবায়েদ খালেদের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ড যুব বিভাগের যুব সম্পাদক মোহাম্মদ ইদ্রিস। তিনি উপস্থিত অতিথি ও যুবসমাজকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলকে সম্মেলনে সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা যুব সমাজকে নৈতিক ও চারিত্রিক উন্নয়নে সচেষ্ট হওয়ার আহ্বান জানান এবং স্থানীয় যুবকদের সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। সম্মেলনে এলাকার বিপুল সংখ্যক যুবনেতা ও কর্মী উপস্থিত ছিলেন।
















