কক্সবাজার-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, সংশ্লিষ্ট নথি সংরক্ষণের নির্দেশ

- আপডেট সময় ০৯:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ৪১২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও ফলাফল জালিয়াতির অভিযোগ এনে এ মামলা করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
মামলার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ড. জাকির হোসেনের একক বেঞ্চ ফলাফল-সংক্রান্ত সব নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। আদালত ব্যালট পেপারসহ সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট হেফাজতে রাখার নির্দেশনা প্রদান করেন বলে জানা গেছে।
মামলায় বলা হয়েছে, উক্ত আসনে ভোটগ্রহণ ও ফলাফল প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম সংঘটিত হয়েছে, যা ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে ফলাফল বাতিল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
সরকারি ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন ১,২৩,৫৮২ ভোট এবং জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী পেয়েছেন ১,২২,০৩১ ভোট।
এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ আদালত নির্ধারণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

















