পালংখালী বিজিবির অভিযানে পাচারকালে ২ আসামি সহ এক লাখ পিস ইয়াবা উদ্ধার

- আপডেট সময় ০৮:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
ইয়াবা পাচারকালে ২ জন আসামীসহ এক লাখ পিস ইয়াবা আটক করেছে ৬৪ বিজিবি’র পালংখালী বিওপির বিশেষ টহল দল। গ্রেফতারকৃত আসামিরা কক্সবাজার জেলার উখিয়া থানাধীন নলবনিয়া বুছারগুনা গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০১১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী আনজুমানপাড়ার ফাইস্যাখাল সাইদুল বাসারের ঘেরের নিকট দিয়ে মায়ানমারের দিক থেকে ০২ জন ব্যক্তি পোটলা হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। বিজিবি’র টহল দল (১) ভুট্রো (৩৮), পিতা-নুরুল আলম, মাতা-সৈয়দা বেগম এবং (২) আমির হামজা (২৬), পিতা-আব্দুল করিম , মাতা-হামিদা খাতুন, উভয়ের গ্রাম-নলবনিয়া বুছারগুনা ০৮নং ওয়ার্ড, ডাকঘর-বালুখালী, থানা-উখিয়া ও জেলা-কক্সবাজারকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়িয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরবর্তীতে তাদেরকে তল্লাশী চালিয়ে তাদের কাছে থাকা পোটলার ভিতরে খাকী রঙ্গের প্যাকেটে মোড়ানো নীল রঙ্গের ১০ কার্ট অর্থাৎ ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ইয়াবা মায়ানমার সীমান্ত হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।



















