১৭ হাজার টাকা মজুরিতে হতাশ শ্রমিক মজলিস

- আপডেট সময় ০৬:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের সিদ্ধান্তে গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে শ্রমিক মজলিস। একই সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের শান্ত থেকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বুধবার (২৫ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম ও সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় সর্বসম্মতিক্রমে সর্বোচ্চ গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। তবে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিকের কর্মক্ষেত্র সর্বনিম্ন গ্রেডে শ্রমিকপক্ষের ১৮ হাজার টাকা মজুরির দাবির বিপরীতে সংখ্যাগরিষ্ঠ ভোটে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তারা বলেন, বর্তমান ১২ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ মজুরি বৃদ্ধি করা হলেও তা বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আরও মাত্র এক হাজার টাকা বাড়িয়ে ১৮ হাজার টাকা নির্ধারণ করা হলে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসত।
বিবৃতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের মজুরির বৈষম্য তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, একই বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে একই সমাজে বসবাস করলেও একজন শ্রমিকের পক্ষে ১৭ হাজার টাকা বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে নিরপেক্ষ ও সরকারি প্রতিনিধিরা অবস্থান না নেওয়ায় শ্রমিক সমাজ ব্যথিত হয়েছে।
নেতৃবৃন্দ দেশের রপ্তানি খাত ও শিল্পাঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় শ্রমিকদের ধৈর্য ধারণ করে শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান।
পাশাপাশি বাজারদর ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞানসম্মত ও স্থায়ী মজুরি কাঠামো গঠন, কারখানার অর্জিত মুনাফায় শ্রমিকদের ন্যায্য অংশীদারিত্ব নিশ্চিত এবং শ্রম আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান তারা।
এ ছাড়া শ্রমিকদের নিরাপদ আবাসন, রেশনিং ব্যবস্থা ও চিকিৎসাসেবা নিশ্চিত করে মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের আহ্বান জানান শ্রমিক মজলিসের নেতৃবৃন্দ।



















