কক্সবাজার সৈকতে যুবকের ঝুলন্ত মরদেহ, রহস্য ঘিরে সমালোচনার ঝড়

- আপডেট সময় ১০:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৪০৫ বার পড়া হয়েছে
এম এ সাত্তার আজাদ:
কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট এলাকায় ঝাউগাছ থেকে নুরুল আমিন (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় এলাকায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে। অনেকে ধারণা করছেন, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
স্থানীয় সূত্র জানায়, নিহত নুরুল আমিন বুধবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকার মারসা কাউন্টার থেকে বাসের টিকিট কেটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তাঁর সাথে কি হয়েছে তা এখনো খোলাসা নয়।পরের দিন বৃহস্পতিবার সকালে মৃত অবস্থায় ঝাউগাছে ঝুলে থাকতে দেখেন পথচারীরা। তার সঙ্গে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন পাওয়া যায়নি। তবে কক্সবাজার ফেরার টিকিট তার কাছ থেকে উদ্ধার হয়েছে।
নিহত নুরুল আমিন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ২নং ওয়ার্ডের মৃত জুনু মিয়ার ছেলে। তিনি বালুখালী ফ্রেন্ডশিপ হাসপাতালে ওয়ার্ড বয়ের চাকরির পাশাপাশি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক বিষয়ে লেখালেখি করতেন। ঘটনার পর তার লেখা বিভিন্ন পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্ত্রী দাবি করেছেন— এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। স্বামীর মৃত্যুতে দুই সন্তান ও স্ত্রী নিদারুণ অসহায় হয়ে পড়েছেন।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।














